Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সচিবালয়ে পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, তদন্ত কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৪:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সচিবালয়ের সামনে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণপূর্বক মতামতসহ বিস্তারিত প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দাখিল করবে। কমিটি প্রয়োজনে যে কোন কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটার মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ থেকে ৫০০ জন শিক্ষার্থীরা উক্ত বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের কয়েকজন সদস্যের অপসারণের দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। সেখান থেকে তারা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে শিক্ষা ভবনের সামনে পুলিশের অপর ব্যারিকেডটি ভেঙ্গে সচিবালয়ের মূল গেইটের সামনে অবস্থান নেয় এবং সচিবালয়ের গেইট টপকিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে এবং ব্যর্থ হলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য উক্ত কমিটি গঠন করা হয়।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ