Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কিশোরী হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৮:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: নড়াইলে উন্নতি পাঠক নামে এক কিশোরীকে হত্যা মামলায় বাবুল বালা (৪১) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল বালা নড়াইল সদর উপজেলার খলিশাখালি গ্রামের রবিন বালার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাতে নড়াইল সদর উপজেলার খলিশাখালি উত্তর পাড়া গ্রামের বাড়ির পাশে পূজা শেষে বাড়ির ফেরার পথে বাবুল বালা ও অজ্ঞাতনামা ২/৩ জন অতর্কিতভাবে উন্নতি পাঠককে জাপটে ধরে। এসময় তার সাথে থাকা দীপ্তি বালা বাধা দিলে দীপ্তিকে ভয়ভীতি দোখিয়ে তাড়িয়ে দেয়। পরে দীপ্তি বালা বাড়িতে গিয়ে উন্নতি পাঠকের মা কে জানায়। পরে উন্নতি পাঠকের বাবা সুজয় ও তার মা অঞ্জলি পাঠককে নিয়ে দ্রুত টর্চলাইট নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাজা রক্ত দেখেন। সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ওই বছরের ১১ ফেব্রুয়ারী নড়াইল সদর থানায় মামলা করা হয়। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বাবুল বালাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।

সারাবাংলা/এসআর