Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিয়োগ পাচ্ছেন ৪৩তম বিসিএসের বাদ পড়া ২২৭ প্রার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪

ঢাকা: ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া চাকরি প্রত্যাশীদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এদের মধ্যে যারা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত তারা এ সুযোগ পাচ্ছেন না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় ৪৩তম বিসিএসের ২২৭ প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল।

এর আগে সচিবালয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে বেরিয়ে জনপ্রশাসন সচিব জানান, ‘ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিস্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন অপরাধ সে করেছে যেটা এখন সামনে আসছে এরা ছাড়া অন্যদের নিয়োগ দিতে কোনো বাধা নেই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার যাদের নির্বাচিত করা হয়েছে সে বিষয়ে একটা সামারি প্রধান উপদেষ্টার কাছে যাবে, তারপর সেটা যাবে রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে এলে প্রজ্ঞাপন জারি হবে।’

এ কাজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করা হচ্ছে উল্লেখ করে জনপ্রশাসন সচিব আরও বলেন, ‘এটা একটি ছেলে বা মেয়ের বিষয় না, তার পরিবারের রুটিরুজির বিষয়। বাবা মা সংসার, চিকিৎসা তাদের আশা-আকাঙ্খা তড়িৎ গতিতে যাতে বাস্তবায়ন করা যায় সে জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করবে। এই প্রক্রিয়া দুই থেকে তিন দিনের মধ্যে শেষ করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। তবে ২২৭ জনের মধ্যে কতজন ক্লিয়ারেন্স পাবেন বা পেতে পারেন সে বিষয়ে কিছু বলেননি তিনি।’

উল্লেখ্য, গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ২২৭ জন এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে গত সপ্তাহে ৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ করে সরকার। এরপর বাদ পড়া প্রার্থীরা আন্দোলনে নামে। আবেদন জমা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বাদ পড়া ২২৭ প্রার্থীর মধ্য থেকে অপরাধের বাইরে থাকা প্রার্থীদের নিয়োগের সিদ্ধান্ত নিল সরকার।

সারাবাংলা/জেআর/এমপি