Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজউকের প্লট দুর্নীতি: শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে ৩ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৫:২৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:১৩

রাজউকের প্লট দুর্নীতি: শেখ রেহানার পুরো পরিবারের বিরুদ্ধে ৩ মামলা

ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আর অবৈধ প্রভাব খাটানোর অভিযোগে প্রতিটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এসব মামলায় অনৈতিক সুবিধা দেওয়ার ঘটনায় আসামি করা হয়েছে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও।

সোমবার (১৩ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা তিনটি দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শেখ রেহানার বিরুদ্ধে দায়ের করা মামলায় শেখ হাসিনা,  শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। আর রিজওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে দায়ের করা মামলায় ১৬ জন এবং তার ছোট বোন আজমিনা সিদ্দিক রুপন্তীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।

আক্তার হোসেন বলেন, পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। এ বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় সরকারের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ দেন। এই বরাদ্দের তালিকায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা,  শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং  মেয়ে আজমিনা সিদ্দিকের নাম রয়েছে।

বরাদ্দকৃত প্লটগুলো পূর্বাচল নতুন শহরের সেক্টর ২৭-এর কূটনৈতিক জোনে সড়ক নং ২০৩-এ অবস্থিত। বরাদ্দের মধ্যে রয়েছে ১০ কাঠার তিনটি প্লটসহ মোট ৩০ কাঠা জমি।

এর আগে, গতকাল একই অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে একটি মামলা করে দুদক।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

ঈদে এনসিপি নেতারা কে কোথায়
২০ মার্চ ২০২৬ ২০:৩৭

আরো