Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ দূষণ বিরোধী অভিযান: সাড়ে ৫ কোটি টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৯:২১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৫৭

পরিবেশ অধিদফতরের পরিচালিত পরিবেশ দূষণ বিরোধী অভিযান।

ঢাকা: গত ১৪ দিনে অর্থাৎ ২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সারাদেশে পরিবেশ দূষণ বিরোধী অভিযানে ৫ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর। ১২৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩২৩টি মামলায় এ জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে আরো বলা হয়, ৭৬টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়েছে। ৩০টি ইটভাটা বন্ধের নির্দেশনা এবং ৭টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫টি কারখানার ৬ ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে নিষিদ্ধ পলিথিন রোধে ৩ নভেম্বর ২০২৪ থেকে সারা দেশে ২৩৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ৪৮০টি প্রতিষ্ঠান থেকে ৩২ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রায় ৭৫ হাজার ৮০২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৭টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং ঢাকার কামরাঙ্গীরচরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৯টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনটি কারখানার বৈদ্যুতিক মিটার জব্দ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং আনুমানিক ১০০ টন পলিথিনসহ কারখানা সিলগালা করা হয়েছে। একই সময়ে দেশে প্রায় ২ হাজার ৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

এদিন সাতক্ষীরা, নীলফামারী, মাদারীপুর এবং গাজীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৮টি মামলায় ১৭ লাখ টাকা জরিমানা আদায় এবং ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।

ময়মনসিংহে শব্দদূষণ রোধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১টি যানবাহনের চালককে ৫০০ টাকা জরিমানা এবং অন্যান্য চালককে সতর্ক করা হয়েছে।

পরিবেশ দূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/জেআর/এনজে
বিজ্ঞাপন

সৌদি আরবে ঈদ শুক্রবার
১৮ মার্চ ২০২৬ ২১:৩৫

আরো