Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৫:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিককে লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে মোহাম্মদ হাবিল আলী (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মোহাম্মদ হাবিল আলী উপজেলার ২ নম্বর শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড তেলকুপী গ্রামের মৃত বিলাল উদ্দিনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল কাশেম বলেন, রাতে কয়েকজন যুবক সীমান্তে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুঁড়লে এক যুবক আহত হন।

শাহবাজপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হক রানা জানান, হাবিল নামে এক যুবক বিএসএফের গুলিতে আহত হওয়ার খবর তিনি স্থানীয়দের কাছ থেকে জেনেছেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম কিবরিয়া জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে তেলকুপি এলাকায় ৭/৮ জন বাংলাদেশি চোরাকারবারি সীমান্ত অতিক্রম ভরতে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। গুলির শব্দে তাৎক্ষণিক বিজিবি টহলদল ঘটনাস্থলে গেলে চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলেও আহত হয় হাবিল। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান অধিনায়ক গোলাম কিবরিয়া।

সারাবাংলা/এসআর