Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ভারত এখন ইউনূস সরকারের ভুয়া পদত্যাগের কার্ড খেলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৭:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘রাজনীতিবিদ ও ছাত্র-জনতার ঐক্যের মধ্যে ফাটল ধরাতে ভারত একের পর এক ষড়যন্ত্রের কার্ড খেলে যাচ্ছে। ইসকন কার্ড খেলা হয়েছে। সংখ্যালঘু কার্ড খেলা হয়েছে। গত দুদিন ধরে তারা আরেকটি নতুন কার্ড খেলছে, সেটি হলো প্রফেসর ইউনূস সরকারের ভুয়া পদত্যাগ।’

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘ ৫ আগস্টের ঐক্য ধরে রাখুন। ঐক্য ধরে রাখতে না পারলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। ফ্যাসিস্ট হাসিনার পলায়নের মধ্য দিয়ে দেশবাসীর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য ধরে রাখা এখন খুবই জরুরি। না পারলে ভারত প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে যাবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভারত ইউনূস সরকারের ভুয়া পদত্যাগপত্র তৈরি করে সেটি ভাইরাল করার চেষ্টা করছে। বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের বিষয়ে বলেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। কোনো কোনো জায়গায় ফ্যাসিবাদের ক্যাডাররা মিছিল করারও চেষ্টা করেছে। এগুলো সবই ভারতের কার্ড, কিন্তু তারা পরাজিত হচ্ছে।’

ভারত বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায় মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ৫ আগস্টের ঐক্যে ফিরে যাওয়া। না হয়, আবারো ভারতের আধিপাত্যবাদ ফিরে আসবে। রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। মতভেদ থাকলে আলাপ আলোচনা করে সমাধান করতে হবে।’

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দারী, মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল ও প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম।

সারাবাংলা/আরডি/এসআর