এমএকে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট :
ঢাকা : ইসরাইলের ত্রাণ পাঠানোর প্রস্তাব নাকচ করেছে বাংলাদেশ। দেশটির সঙ্গে কোনো কূটনীতিক সম্পর্ক না থাকায় এবং বিষয়টি রাজনীতির ময়দানে স্পর্শকাতর হওয়াতে ঢাকা এই প্রস্তাব ফিরিয়ে দেয়। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে এই প্রস্তাব পাঠায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, চলমান রোহিঙ্গা সঙ্কটে সহায়তা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তাব পাঠায় ইসরাইল। প্রস্তাবে বলা হয়, রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা করতে চায় দেশটি। এর জন্য ঢাকার পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়।
ইসরাইলের এই প্রস্তাবটি সরাসরি নাকচ করে ঢাকা থেকে দেয়া বার্তায় বলা হয়, ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাই ঢাকা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে। এ ছাড়া বিষয়টি রাজনৈতিকভাবেও স্পর্শকাতর। এমন অবস্থায় ঢাকা কোনোভাবেই এই প্রস্তাবে সম্মতি জানাতে পারছে না।
চলতি বছরের আগস্ট থেকে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন শুরু হলে প্রাণ বাচাতে তারা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এখন পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের একাধিক ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
সারাবাংলা/ জেআইএল//
ইসরাইলের প্রস্তাব নাকচ করেছে বাংলাদেশ
২১ ডিসেম্বর ২০১৭ ২০:৪৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:১৩