Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রস্তাব

স্পেশাল করেসপডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৯:২৬ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

সাত কলেজ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি। এ কমিটির সদস্যরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের জন্য ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নাম প্রস্তাব করেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি নামটি প্রস্তাব করে। শিক্ষার্থীরা একমত হলে নামটি চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ সাংবাদিকদের বলেন, ‘আমরা কয়েকটি নাম নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে ‌‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামটি বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও নামটির প্রশংসা করেছেন। শিক্ষার্থীরা যদি সেটি মেনে নেন, তাহলে এটি চূড়ান্ত করা হতে পারে।’

বিজ্ঞাপন

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি বড় সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে যেসব লক্ষ্যে এটি করা হয়েছিল, তা বাস্তবায়ন না হওয়ায় কয়েক বছর ধরে অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

সবশেষ গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থী, পুলিশসহ শতাধিক আহত হন। এর পরদিন ২৭ জানুয়ারি অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ সাত কলেজের অধিভুক্তি বাতিল করার ঘোষণা দেন।

অধিভুক্তি বাতিলে ভর্তিসহ শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে সংকটে পড়েছে কলেজগুলো। এখন শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামো ঘোষণার দাবি জানিয়েছেন। সে লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি।

এ ছাড়া সবশেষ আজ দুপুরে রাজধানীর মহাখালী-গুলশান-১ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তিতুমীর সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো