Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৭:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সড়কে বিপাকে পড়ছেন। এদের কেউ চিকিৎসা নিতে এসে চরম বিপর্য়ের মুখে পড়েন। তাই চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন সেজন্য পুলিশ সদর দফতর থেকে আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে গ্রহণ করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

বিজ্ঞাপন

তাদের চাকুরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদনসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এও দেখা যাচ্ছে যে তারা ফৌজদারি, আর্থিক, নৈতিক স্খলন, আচরণগত বা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ জনিত অপরাধেও চাকুরিচ্যুত হয়েছেন কি-না।

তাদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল, প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইবুনালের অধীনেও বিচারাধীন রয়েছে। চাকুরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে।

ইতোমধ্যে গত ২৯ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মুখে চাকুরিচ্যুত পুলিশ সদস্যরা মানববন্ধন করার সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাদের নিকট গিয়ে বিষয়টি ব্যাখ্যা করে বিস্তারিত বলার পরও চাকুরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি করেছেন। এতে নগরবাসীর বিড়ম্বনার শিকার হচ্ছেন।

সারাবাংলা/ইউজে/এমপি