Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, ৩ দিন পর মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন বাসযাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভুক্তভোগি ওমর আলী। মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে মামলার বাদী ওমর আলী বলেন, গত সোমবার ১১টা ২৫মিনিটের দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে নাটোরের বড়াইগ্রাম যাওয়ার উদ্দেশে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহণের বাসে উঠি, যার নম্বর ময়মনসিংহ-ব-১১-০০৬১। বাসটি রাত সাড়ে ১১টার দিকে যাত্রা শুরু করে। ছাড়ার সময় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাত ১টার দিকে বাসটি গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা বাইপাসে এসে কিছুক্ষুণের বিরতির দেয়। এ সময় চন্দ্রা বাইপাস থেকে আরও ৩ থেকে ৪ জন নতুন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা করে। রাত দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন হাইটেক সিটি পার্ক সংলগ্ন খাড়াজোড়া ফ্লাইওভার ব্রিজ অতিক্রম করার ৫ থেকে ৬ মিনিট পর হঠাৎ বাসে ৮-৯ জন ডাকাত একসঙ্গে দাঁড়িয়ে যায় এবং ধারালো চাকু ও চাপাতি দিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে সবাইকে চুপ থাকতে বলে। এর মধ্যে তিনজন বাসটির ড্রাইভারের গলায় ধারালো চাকু ধরে নিয়ন্ত্রণ নেয়।

তিনি মামলার এজাহারে আরও বলেন, এক পর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে গাড়িতে থাকা সব যাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার, রুপা ছিনিয়ে নিতে থাকে। এ সময় ২ থেকে ৩ জন ডাকাত গাড়িতে থাকা অজ্ঞাতনামা নারী যাত্রীর শ্লীলতাহানি করেন। দুই আড়াই ঘণ্টা ধরে বাস শুধু ওই এলাকায় ঘুরিয়ে সবকিছু লুট করে নেওয়ার পরে ডাকাতদের নামিয়ে দেওয়া হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মামলা করেছেন বাসযাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী। মামলায় অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/এইচআই