Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে ২টি বগি রেখে খুলনায় গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস দুটি বগি রেখে চলে গেছে। চলন্ত অবস্থায় ট্রেনের শেষের দুই বগি খুলে যায়। এরপর বেশ কয়েক কিলোমিটার পাড়িও দিয়েছে ওই দুই বগি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। এরপর প্রায় ১০ কিলোমিটার পাড়ি দিয়ে হরিয়ান স্টেশন এলাকায় বগি দুটি খুলে যায় মূল ট্রেন থেকে। এরপরে গড়তে গড়তে চলে যায় বেলপুকুর পর্যন্ত। তবে রেল কর্তৃপক্ষের দাবি ওই বগিগুলোতে কোন যাত্রী ছিল না।

এদিকে, সকাল সাড়ে ৬টায় রাজশাহী স্টেশন থেকে ছাড়ে তিতুমীর এক্সপ্রেস। হরিয়ান স্টেশনে এসে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের লোকোমোটিভ (ইঞ্জিন) দিয়ে সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি নিয়ে আসে হরিয়ান স্টেশনে। হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্য যাত্রা করে।

বিজ্ঞাপন

তিতুমীর এক্সপ্রেসের যাত্রী আরমান আলী বলেন, ‘এক ঘণ্টার বেশি সময় তিতুমীর এক্সপ্রেস ট্রেন হরিয়ানা স্টেশনে থেমে আছে। রাজশাহী স্টেশন থেকে সকালে প্রায়ই ১৫ মিনিট বিলম্বে ছেড়েছে। আস্তে আস্তে আসছিল। হরিয়ানা স্টেশনে আসার পরে একদম থেমে গেছে। এর কারণ জানা যায়নি।’

রবিন নামের আরেক যাত্রী বলেন, ‘তিতুমীর এক্সপ্রেস ট্রেনকে হরিয়ান স্টেশনে থামিয়ে রাখা হয়। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন চলে গেছে। আমাদের তো কাজ আছে জয়পুরহাটে গিয়ে। সেখানে কোচিংয়ে ক্লাস নিতে হবে সকাল ১০টায়। নির্ধারিত সময়ের মধ্যে না যেতে পারলে শিক্ষার্থীরা বসে থাকবে। এটাতো তাদের জন্য বিরক্তিকর।’

এ বিষয়ে হরিয়ানা স্টেশনে মাস্টার মনিরুল ইসলাম বলেন, ‘সাগরদাঁড়ির বগিগুলো ফাঁকা ছিল। তাতে কোন যাত্রী ছিল না। সাগরদাঁড়ি ট্রেনটি খুলনার উদ্দেশ্যে আছে। সকাল সাড়ে ৯টায় এটি কুষ্টিয়ায় ছিল। তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ