Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএমপির অভিযানে গ্রেফতার ১৬০

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৯:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) তলেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ছয়জন ডাকাত, ১৭ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, ১৮ জন চোর, ২০ জন চিহ্নিত মাদক কারবারি, ১৯ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি চাকু, দুইটি সুইচ গিয়ার, একটি দা, তিনটি লোহার রড, ছয়টি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ৩০ পিস ইয়াবা ও ১ কেজি ৫৮৪ গ্রাম গাঁজা।

বিজ্ঞাপন

তলেবুর রহমান বলেন, এ সময় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই পালায় সিটিটিসির ১৪টি, তিন পালায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সাথে রাতে র‌্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সাথে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

সারাবাংলা/এমএইচ/এনজে