Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে: শিমুল বিশ্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৬:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি চেয়ারপারপাসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, অন্তবর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তারা ভেবেছিল এই সরকারের আমলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু আইনশৃঙ্খলার উন্নতির পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে নারীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিল সারা টাওয়ারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “নারীর প্রতি বৈষম্য ও হয়রানি মুক্ত কর্মক্ষেত্র: বাস্তবতা ও করণীয়” শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় মহিলা কমিটি।

শিমুল বিশ্বাস বলেন, ‘সমাজের অর্ধেক অংশ নারী ও তাদের অবদান ছাড়া কোনো সমাজই পূর্ণতা পায় না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীরা তাদের দক্ষতা, মেধা এবং শ্রম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আজও অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, নির্যাতন ও অবহেলার শিকার হচ্ছেন। আমাদের এই অবস্থা পরিবর্তন করতে হবে।’

তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়ন শুধুমাত্র নারীর জন্য নয়, পুরো সমাজের জন্য অপরিহার্য। একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। আমাদের উচিত নারীর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা তাদের মেধা এবং গুণাবলীর পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারে।’

শিমুল বিশ্বাস বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধে নারীরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তারা শুধু যোদ্ধা হিসেবেই নয়, চিকিৎসক, নার্স, সংগঠক এবং মুক্তিযোদ্ধাদের সহায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক কোহিনূর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, শ্রমিক নেতা মেহেদী আলী খান, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, মন্জুরুল ইসলাম মন্জু, খোরশেদ আলম, হামিদ খাতুন, নার্গিস জাহান, তাসলিমা আক্তার ডিনা, মুজিবর রহমানসহ আরও অনেকে।

সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

আরো