Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৫ বছর একবারের জন্যও ‘জয় বাংলা’ বলিনি: কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ০৩:১৯

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, স্বাধীন বাংলাদেশে ‘জয় বাংলা’ ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কারও দলের নয়, ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। এটা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ‘জয় বাংলা’ থাকবে। আমি গত ২৫ বছর একবারের জন্যও ‘জয় বাংলা’ বলিনি। আজ মা এবং বাবার কবরে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব। স্বাধীনতাকামী মানুষের, বাংলাদেশের মানুষের স্লোগান হবে জয় বাংলা।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিজগ্রাম ছাতিহাটিতে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্লের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কাদের সিদ্দিকী বলেন, ‘গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ মনে করতে চায়, এটা স্বাধীনতার পতন হয়েছে। না কোনো মতেই না। আজ যে নেতারা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের এই বিপ্লবকে সাধুবাদ জানাই। তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর মানুষ তাদের স্মরণ রাখতো। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তারা বঙ্গবন্ধুকে মানে না, জিয়াউর রহমানকে মানে না। তারা আমাদের কাউকেই মানে না। এটা ভালো কথা নয়।’

তিনি বলেন, ‘প্রতিহিংসার জন্য নয়, আমি রাজনীতি করি মানুষকে পাহারা দেওয়ার জন্য, দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য। আজ থেকে আমাদের সক্রিয় রাজনীতি করা দরকার। গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়া জন্য কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আমি এর নিন্দা জানাই।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজ এত দালানকোটা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, বাংলাদেশ স্বাধীন না হলে এর কিছুই হতো না। কিন্তু বড়ই দুর্ভাগ্যের বিষয়, আজ এই স্বাধীনতাকে অনেকে মানতেই চায় না।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো