Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৭:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: যশোরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাপ্পি বিশ্বাস (২৭) ও বেল্লাল হোসেন (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি বিশ্বাস মারা যান। একই দিনে মনিরামপুর উপজেলার খাকুন্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বেল্লাল হোসেনের।

নিহত বাপ্পি বিশ্বাস যশোর সদর উপজেলার দলেননগর গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী ছিলেন। বেল্লাল হোসেন মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

বাপ্পি বিশ্বাসের চাচাতো ভাই আশরাফুল ইসলাম বিশ্বাস জানান, শনিবার (২৬ এপ্রিল) নিজ বাড়িতে ছাদের ওপর বাঁশ কাটছিলেন। এ সময় একটি বাঁশ বিদ্যুতের তারের ওপর পড়লে বাপ্পি বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাপ্পির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ধান ঝাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বেল্লাল হোসেন।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন হোসেন বলেন, বেল্লাল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর