Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আশা করি অতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে: নুরুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা বারবার দাবি জানিয়েছি অনতিবিলম্বে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলোকে সন্ত্রাসী ও গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেন। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগও নিষিদ্ধ হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার ঈদগাঁহ মাঠে স্থানীয় গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে, এই এলাকারও বড় নেতা ছিল, তারা লন্ডনে-দিল্লিতে পালিয়ে গেছে। তারা সেখানে মৌজ মাস্তিতে করতেছে। আর যারা কর্মী ছিল, তারা চরে চরে পালিয়ে পালিয়ে বেড়ায়। আওয়ামী লীগ এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক পরিণত হয়েছে। আওয়ামী লীগ একটি মরা লাশ, এই লাশ নিয়ে কেউ বেশি টানাটানি করবেন না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের ভাইরা আন্দোলনে নির্যাতিত হয়েছে। আগামীতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা গণ অধিকার পরিষদ তরুণ-যুব নেতৃত্বে আগামী বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করছে। আর আমাদের এখন একটি কাজ তা হচ্ছে আওয়ামী লীগ নামের লাশটি পচে যেন গন্ধ না ছড়ায় তার জন্য দ্রুত আওয়ামী লীগকে দাফন করা। আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না। তবে যে আওয়ামী লীগ মানুষের ক্ষতি করে নাই তাদের ওপর নির্যাতন করা যাবে না।

তিনি অন্তর্বর্তী সরকারের বিষয়ে বলেন, এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই সরকারের কোনো বিরোধী দল নাই। আমরা কেউ সরকার বিরোধী না। সকলে মিলেমিশেই আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে কাজ করছি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ মুন্সী।

সভায় সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট মাঝি। এতে গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে শরীয়তপুর ২ আসন নড়িয়া-সখিপুরে এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝিকে পরিচয় করিয়ে দেন ভিপি নুর।

সারাবাংলা/এইচআই