Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নির্বাচিত সরকার থাকলে মানবিক করিডর নিয়ে সংসদে আলোচনা হতো’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ২১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: দেশে নির্বাচিত সরকার থাকলে মানবিক করিডর নিয়ে সংসদে আলোচনা হতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে নগরীর নুর আহমদ সড়কে বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে মে দিবসের সমাবেশে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল এ সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মায়ানমারে রাখাইন রাজ্যে নাকি আমাদের মানবিক করিডর করতে হবে, মহামুশকিল তো। মানবিক করিডর যে কত বড় একটা বিষয়, তারা কি বুঝে কিছু? নাকি না বুঝে বলছে? বাংলাদেশের যদি নির্বাচিত সরকার থাকতো, এই মানবিক করিডরের আলাপ-আলোচনা সংসদে হতো। অথচ এখন এমন সিদ্ধান্ত কে নিচ্ছে, কাদের সঙ্গে বসে নিচ্ছে, তা জাতি জানে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জাতিসংঘের একজন প্রতিনিধি বলেছেন- দুই সার্বভৌম দেশ বাংলাদেশ ও মায়ানমারের সম্মতিতেই কেবল এই করিডর সম্ভব, তাও নিরাপত্তা পরিষদের অনুমোদনের শর্তে। তাহলে এখন যারা বাইরে বসে এসব দিচ্ছেন, তারা কীভাবে এত সাহস পাচ্ছেন? যা কিছু হোক, আগে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা।’

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘একটা সুবিধাবাদী গোষ্ঠী নেমেছে। আমরা এদের কাউকেই রাস্তায় দেখি নাই। এদের কোনো অবদান নাই। কিন্তু এখন ওরা মজা মারছে। কিসের মজা? ক্ষমতার মজা। এই মজা কি সেই মজা! এইটা কি ছাড়ার মজা? এই মজা পেয়ে এখন নির্বাচনে তারা যেতে চায় না। তারা নতুন নতুন বয়ান দিচ্ছেন।’

‘অথচ বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতা গ্রহণের বৈধতা দেবে না। যারা নির্বাচন ঠেকাতে চায়, তাদের প্রতি দেশের মানুষের বার্তা স্পষ্ট। তাদের জনগণ ক্ষমা করবে না, এবং ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে তাদের কোনো ইচ্ছাও পূরণ হবে না। জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না’,— বলেন আমীর খসরু।

মে দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘দেশে এখন নির্বাচিত সরকার নেই। ফলে শ্রমিকদের ন্যায্য পাওনা, পারিশ্রমিক ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেউ নিচ্ছে না। মালিক ও প্রশাসনের একচেটিয়া অবস্থানে শ্রমিকেরা নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছে। শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইয়ে শ্রমিকদের পাশে আছে বিএনপি।’

‘শ্রমিকদের আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ, যাতে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক না ছড়ায় এবং দেশের বিনিয়োগের পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়।’

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন— চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও দক্ষিণ জেলার আহ্বায়ক ইদ্রিস মিয়া।

সারাবাংলা/আরডি/এইচআই