Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাটগ্রাম সীমান্ত থেকে মামা-ভাগনেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ০১:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে রিমন ও মাজেদুল নামের দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। ওই দুই যুবক সম্পর্কে মামা-ভাগনে।

শুক্রবার(২ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার আগে ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায়।

ভারতীয় বিএসএফ এর হেফাজতে থাকা ওই দুই বাংলাদেশীর মধ্যে একজনের নাম রিমন ইসলাম। রিমন ধবলসতি এলাকার বাসিন্দা এবং এসএসসি পরীক্ষার্থী। অপরজন রিমন ইসলামের মামা বগুড়ার বাসিন্দা মাজেদুল ইসলাম।

স্থানীয়রা জানায়, পাটগ্রামের ধবলসুতী সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলার এলাকার সীমান্তে একটি চা-বাগানে মহাস্থানগড় বগুড়া থেকে বেড়াতে আসা মাজেদুল ইসলামকে (২৪) নিয়ে ছবি তুলতে যায় ওই এলাকার মোস্তাকের ছেলে রিমন ইসলাম(১৭)। এ সময় ওই সীমান্তে ভারতীয় বিএসএফ’র ২০-২৫ জনের একটি টহল দল তাদের ধরে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অক্ষত অবস্থায় বিএসএফ’র হেফাজতে থাকা এসএসসি পরিক্ষার্থীসহ দু’জনকে ফেরত পেতে ঊর্ধ্বতনদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে ৬১ বিজিবির কোনো মন্তব্য পাওয়া সম্বব হয়নি। তবে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকে আহবান জানিয়েছে। এ ছাড়া, বিএসএফ’র হেফাজতে থাকা দু’জন শিক্ষার্থী বলে তাদের জানানো হয়েছে। ওই দু’জনকে দ্রুতই ফেরত দিতে পারে বলে আশা প্রকাশ করেন ইউএনও।

সারাবাংলা/পিটিএম