Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাদিকে গুলিবর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে: সাদা দল

ঢাবি করেসপনডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত বর্বরোচিত গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এর পেছনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনো চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখার দাবি রাখে।’

বিজ্ঞাপন

তারা বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা পুরানা পল্টনের কালভার্ট রোডে গণতন্ত্রকামী রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে লক্ষ্য করে যে ন্যাক্কারজনক গুলিবর্ষণ করা হয়েছে, সাদা দল মনে করে তা মুক্তমত ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ প্রমাণ করে যে দেশে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে।’

ঢাবি সাদা দলের নেতারা বলেন, ‘এই হামলা শুধু ওসমান হাদির ওপর নয়, বরং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারের ওপরও চরম আঘাত। দিনের আলোয় একজন রাজনৈতিক কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়। এমন অবস্থায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, এই হামলার পেছনের মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িত অপরাধীদের অতি দ্রুত চিহ্নিত করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক।’

‘হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একইসঙ্গে সরকার অবিলম্বে সকল স্তরের রাজনৈতিক ও ভিন্নমতাবলম্বী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।’

আরও বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল বিশ্বাস করে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজনীতি চর্চার পথকে রুদ্ধ করার কোনো অপচেষ্টা সফল হবে না। আমরা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

সারাবাংলা/কেকে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর