Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপি থেকে বহিষ্কৃত হওয়া সেই গাজী সালাউদ্দিন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১২:৫১

গাজী সালাউদ্দিন।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একসময়ে বহিষ্কৃত হওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর পূর্ব মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযান চালিয়ে বুধবার ভোরে ঢাকার পূর্ব মনিপুর থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে বগুড়ায় নিয়ে এসে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।’

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার নিরাপত্তা-সংক্রান্ত একটি মামলা করা হয়। সেটির পরিপ্রেক্ষিতে আজ তাকে গ্রেফতার করা হলো।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৯ জুলাই বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া গাজী সালাউদ্দিনের আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেখতে পান জেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। পোস্টটি ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে গাজী সালাউদ্দিন সেটি মুছে ফেলেন। এরপর তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা-সংক্রান্ত মামলা করেন মাফতুন আহমেদ খান রুবেল।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠায় গাজী সালাউদ্দিনকে এনসিপি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি ফের এনসিপির রাজনীতিতে যুক্ত হন।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর