Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপ’: জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

জবি করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১৯:৩২

– ছবি : সংগৃহীত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ‘এশিয়া পোস্টে’ প্রকাশিত একটি প্রতিবেদনে ওঠা অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে এ কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ-কে। সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। রেজিস্ট্রার দফতর সেকশন অফিসার (গ্রেড-২) মোহা. আব্দুল মালেক-কে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশে বলা হয়েছে, আগামী ১৩ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। কমিটিকে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা উদঘাটন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে কেউ জড়িত কি না- তা চিহ্নিত করা, এ বিষয়ে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।

প্রকাশিত গণমাধ্যম প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকরা বিগত সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব অভিযোগের সত্যতা রয়েছে কি না, তদন্তে তা-ও খতিয়ে দেখবে কমিটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর