ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে পূর্বে দেওয়া এক মন্তব্যের জন্য অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল স্বীকার করে তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রাজনীতিতে সহনশীলতা ও পরিশীলিত চর্চার আহ্বান জানিয়ে ভবিষ্যতে ভাষার ব্যবহারে আরও সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ প্রতিক্রিয়ায় এই দুঃখ প্রকাশ করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী কর্তৃক অতীতে জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্যান্য সিনিয়র নেতাদের নিয়ে তীর্যক ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রেক্ষিতে তিনি অসাবধানতাবশত ওই মন্তব্য করেছিলেন।
তিনি আরও বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারী ন্যূনতম পরিশীলিত রাজনীতি করলে কখনোই এমন উদাহরণ দেওয়ার পরিস্থিতি তৈরি হতো না। তবে নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া তার ঠিক হয়নি বলে দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী মনে করেন।
তিনি উল্লেখ করেন, ‘২০২৪-পরবর্তী রাজনৈতিক গতিপথে আমরা দেশ গঠন, মানবিক মর্যাদা এবং বৃহত্তর কল্যাণকে প্রাধান্য দিতে চেয়েছি।’ ঘৃণা ছড়িয়ে কেউ লাভবান হতে পারবে না এবং এর ফলে কেবল বিরাজনীতিকরণের উদ্দেশ্যে বসে থাকা গোষ্ঠীই উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।