ঢাকা: সংসদ সদস্যদের মোবাইল ফোন নম্বর হ্যাক করে বিকাশ ও বিভিন্ন মাধ্যমে জরুরি টাকা দাবি করে নতুন প্রতারণার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় বিষয়টি তুলে ধরে তিনি সকল সংসদ সদস্যকে সতর্ক থাকার আহ্বান জানান।
চিফ হুইপ বলেন, বর্তমানে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে প্রযুক্তিনির্ভর ভয়েস ক্লোন, নকল তথ্য ও সংসদ সদস্যদের স্বাক্ষর জাল করে নানা প্রতারণামূলক নথি প্রস্তুত ও লেনদেনের চক্রান্ত চলছে। বুধবারই তাকে তিনজন সংসদ সদস্য সরাসরি অবহিত করেছেন যে তাদের নিজস্ব ফোন নম্বর থেকে জরুরি প্রয়োজনের কথা বলে ২৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দাবি করা বার্তা এসেছে। তিনি বলেন, সরকারি ও বিরোধী দল উভয় পক্ষের সংসদ সদস্যরা একই ধরনের সাইবার প্রতারণার মুখে পড়ছেন।
সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি নিয়ে বলেন, ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে সাইবার নিরাপত্তা জোরদার ও কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা সরকারের দায়িত্ব। উক্ত ঘটনার প্রতিরোধে এবং সার্বিক নিরাপত্তায় রাষ্ট্র বা সংশ্লিষ্ট নির্বাহী বিভাগের উদ্যোগ সংসদে পরিষ্কার করা উচিত।
এর জবাবে চিফ হুইপ বলেন, ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং উপযুক্ত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে দ্রুত কাজ করছে। সংসদ ভবনে প্রবেশের সময় লবিতে থাকা ফেস রিডিং প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করা নিশ্চিতের জন্য প্রতিটি সদস্যের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে