ঢাকা: গাড়ির বহর নিয়ে কেবল লংমার্চ আয়োজন করে দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান করা সম্ভব নয়- বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য প্রদানকালে বিরোধী দলের গৃহীত রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে তিনি এসব কথা বলেন। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের কাছ থেকে গঠনমূলক ও দায়িত্বশীল সহযোগিতা আশা করা হয়েছিল। কেবল গাড়ির লংমার্চ পরিচালনা করে যদি বিদ্যুৎ বা গ্যাসের মতো জটিল জাতীয় সমস্যার সমাধান সম্ভব হতো, তবে বর্তমান সরকারই সবার আগে সেই কর্মসূচি আয়োজন করত।
সংসদে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি ও সরকারের অবস্থান সম্পর্কে অবগত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় সংসদের সরকারি ও বিরোধী উভয় দলের নির্বাচিত সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব হলো দেশের প্রকৃত ও বাস্তব চিত্র জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা। বিগত ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বিপুল সমস্যাকে কোনো অজুহাত হিসেবে না দেখে তা নিরসনে কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
বিগত দিনে ইউক্রেন যুদ্ধের অজুহাতে অফিস ও স্কুলের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয় করে দেশকে চরম ঋণগ্রস্ত করা হয়েছিল। বর্তমান সরকার কোনো অজুহাত না দিয়ে দেশের জনগণের শান্তি, স্বস্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।