Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকসু সংগ্রহশালায় ছিড়ে ফেলা হলো জিন্নাহর ছবি

ঢাবি করেস্পন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২২ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬

জিন্নাহর ছবি ছিড়ে ফেলার মুহূর্ত।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় টাঙানো মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। এর কিছুক্ষণ পরেই এ সংগ্রহশালায় জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা গোলাম আজমকে জুতাপেটা করার ছবি টাঙিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এসব ঘটনা ঘটে।

এ বিষয়ে সাংবাদিকদের আবু তৈয়ব বলেন, ‘যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেফতার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না। এই ডাকসুতে, এই বিশ্ববিদ্যালয়ে, এই বাংলাদেশে জিন্নাহর মতো কোনো ভিলেন, গোলাম আজম-নিজামীর মতো কোনো ভিলেন আমাদের নায়ক হতে পারে না, নায়ক হতে দেব না।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, আবু তৈয়ব হাবিলদার বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সবশেষ ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় এসেছিলেন।

এ সময় ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক খান জসীম সাংবাদিকদের বলেন, ‘ডাকসু ইতিহাসের অংশ হিসেবে এ ছবিগুলো রেখেছিল। তারা এখানে হামলা চালিয়ে ছবি ছিড়ে ফেলেছে।’

তাকে ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ছবিগুলো সরানোর বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এখানে ছবিগুলো ছিল কিনা তা আমার জানা নেই।’

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা সংগ্রহশালায় এসে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের যে কোনো সংগ্রহশালা থেকে কোনো ছবি বা ফাইল সরাতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব করতে হবে। ডাকসু এখানে যা করেছে আমি তার শক্ত নিন্দা ও প্রতিবাদ জানাই।’