Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশকে অস্থিতিশীল করার দায় বিরোধীদলকে নিতে হবে: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে গণতান্ত্রিক কর্মসূচির আড়ালে দেশকে অস্থিতিশীল করা এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করা হলে তার দায়ভার বিরোধীদলকেই নিতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

বিজ্ঞাপন

সমাবেশে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচির নামে বিরোধীদল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সংসদে ও রাজপথে বিরোধী দলের কথা বলার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু হুমকি-ধমকি, মিথ্যাচার এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা মোটেও গ্রহণযোগ্য নয়।

চলমান জ্বালানি সংকটের মধ্যে বিরোধীদলের ৪৫০টি গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, যখন জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন এত বিশাল পরিমাণ জ্বালানি অপচয়ের কী প্রয়োজন ছিল? এই সংকটকে সরকারের একক সমস্যা না জানিয়ে তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও হরমুজ প্রণালির সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার প্রভাবিত হচ্ছে। এ সংকট মোকাবিলায় সরকার বাজেটের বাইরে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস ও এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন, বোমাবাজি ও ট্রেন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িতদের চিহ্নিত করার দাবি জানান। সেই সঙ্গে বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান উল্লেখ করে তিনি বলেন, বিএনপির মূল ভিত্তি হলো দেশের জনগণ, যা কোনো অশুভ শক্তির আঘাতে টলানো সম্ভব নয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর