ঢাকা: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৪ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (৪ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানা পুলিশ জানতে পারে, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি শারমিন সুলতানা সর্মি লালবাগ থানার শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে লালবাগ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
আকতার হোসেন বলেন, শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং যুব মহিলা লীগের ২০১৭-২২ মেয়াদের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।