ঢাকা: ‘দৈনিক আমার দেশ’-এর নিজস্ব প্রেসের সামনে ককটেল নিক্ষেপ ও দুইজন আহত হওয়ার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। গণমাধ্যমের কার্যালয় ও সংবাদপত্রের ছাপাখানার মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সহিংস হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ।
এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হওয়ায় তাদের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। গণমাধ্যমের ওপর ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা সহিংসতার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে দৈনিক আমার দেশ-এর প্রেসসহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।