ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনেন সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিন দুপুরে ইসির সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল বৈঠক করে উপ নির্বাচনে বিভিন্ন অভিযোগ করেন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট হবে। এই নির্বাচন পর্যবেক্ষণে আগের নির্বাচনগুলোর ধারাবাহিকতায় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেছেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্রের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করা হবে।
ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও একই ব্যবস্থা ছিল। পরবর্তী সময়ে শেরপুর ও বগুড়ার দুটি উপনির্বাচনেও এই ব্যবস্থা রাখা হয়েছিল। এর ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। বিজিবি, এসআরপি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে মনিটরিং করা হবে। বডি ক্যামেরার পাশাপাশি বিজিবি ও পুলিশের বডি ক্যামেরা এবং বিজিবির ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে।
আখতার আহমেদ বলেন, এই সার্ভিলেন্স রেখে আমরা এখান থেকে মিনিট বাই মিনিট মনিটরিং করব।
আখতার আহমেদ বলেন, প্রত্যেকটা অভিযোগ নিয়ে আমার কী বলা যেতে পারে, ডিফেন্সিভও না। প্রত্যেকটা অভিযোগের আমি একটু আগে বলেছি, প্রত্যেকটা খবরেরই কোনো না কোনো মূল্যায়ন আছে। আমরা আগামীকালকেই প্রমাণ পাব যে কোনটা ঠিক আর কোনটা ত্রুটিপূর্ণ ছিল। কাজেই কাল পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ভোটের ভালো পরিবেশ রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ আমরা পাইনি এবং ইনশাল্লাহ পাবো না।
ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব
সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ১৬:৩০
২৮ অক্টোবর ২০২৬ ১৬:৩০
সারাবাংলা/এনএল/এসআর