ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে একের পর এক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এসব হামলার জন্য পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে দায়ী করে তিনি বলেছেন, জনগণের কাছে চূড়ান্তভাবে ধিকৃত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে তারা এখনো বের হতে পারেনি।
রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
পোস্টে তিনি উল্লেখ করেন, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক।
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের ওপর ধারাবাহিক এসব হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেন, এসব ঘটনার পরও সরকার এখন পর্যন্ত জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। সরকারের দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।
নাহিদ ইসলাম বলেন, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি চোরাগোপ্তা হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের পাশাপাশি শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা।