Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ২২:১২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আয়ারল্যান্ডের ১৭০ রানের জবাব দিতে নেমে ইনিংসের দশম ওভারে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ১৩৮। মনে হচ্ছিল দাপুটে জয়ই পেতে যাচ্ছেন স্বাগতিকরা। কিন্তু এরপর মাত্র ১৯ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ দিকে অলরাউন্ডার সাইফউদ্দিনের কার্যকারী একটা ইনিংস অবশ্য পথ দেখিয়েছে টাইগারদের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। আগামী ২ ডিসেম্বর চট্টগ্রামেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সিরিজের জয়-পরাজয় নির্ধারণ হবে সেই ম্যাচেই।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের ১৭০ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের হয়ে ঝড়ো শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। অপর ওপেনার তানিজদ হাসান তামিম ঠিকভাবে সঙ্গ দিতে পারেননি। ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন ১০ বলে ৭ রান করে।

তবে দ্বিতীয় উইকেটে দারুণ একটা জুটি হয়েছে পারভেজ হোসেন ইমন ও লিটন দাস। দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৬০ রান তুলেছেন দুজন। পারভেজ ইমন ২৮ বলে ৫ চার ২ ছয়ে ৪৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে। তৃতীয় উইকেটে লিটন দাস ও সাইফ হাসানের জুটিটাও বেশ ভালো ছিল। তৃতীয় উইকেটে ৩১ রানে ৫২ রান তোলেন দুজন।

তবে এই জুটি ভাঙতেই বিপদ বাড়ে বাংলাদেশের। পরপর ফিরেছেন লিটন, সাইফ। তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহানরা মিডল অর্ডারে ভালো করতে পারেননি। যাতে একটা সময় ম্যাচ হাতছাড়া হওয়ার উপক্রম। সাইফউদ্দিন শেষ দিকে কার্যকরী একটা ইনিংস খেলে বাংলাদেশকে উদ্ধার করেছেন।

১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭৪ রান তুলে ফেলে বাংলাদেশ। সাইফউদ্দিন তখন ৭ বলে ২ চার ১ ছয়ে ১৭ রানে অপরাজিত। লিটন দাস ৩৭ বল খেলে ৩টি করে চার, ছয়ে ৫৭ রান করে আউট হয়েছেন। সাইফ হাসান ১৭ বলে ১টি করে চার-ছয়ে ফিরেছেন ২২ রান করে।

ছবি: শ্যামল নন্দী

এর আগে শুরুতে ব্যাটিং করতে নেমে আইরিশদের শুরুটাও হয়েছিল দাপুটে। পল স্ট্যার্লিং-টিম ট্যাক্টরের ওপেনিং জুটি শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে।

৪.৪ ওভারের ওপেনিং জুটি তুলেছে ৫৭ রান। ১৪ বলে ৩টি চার ২টি ছয়ে ২৯ রান করা পল স্ট্যার্লিংকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর হ্যারি ট্যাক্টরকে নিয়ে দারুণ এগুচ্ছিলেন টিম ট্যাক্টর। নবম ওভারে শেখ মাহেদি হাসান বোলিং করতে এসে আইরিশদের গতি থামিয়ে দেন।

পাঁচ বলের ব্যবধানে ফিরিয়ে দেন টিম ট্যাক্টর, হ্যারি ট্যাক্টরকে। ফেরার আগে ২৫ বল খেলে ৪টি চার ২টি ছয়ে ৩৮ রান করেন টিম ট্যাক্টর। আগের ম্যাচের নায়ক হ্যারি ট্যাক্টর করেন ১১ রান। এরপর আইশিদের টেনেছেন লোরকান ট্যাক্টর। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আইরিশদের পক্ষে সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন লোরকান। ৩২ বলে ৪টি চারে ৪১ রান করেছেন তিনি।

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড থেমেছে ১৭০ রানে। বাংলাদেশের পক্ষে শেখ মাহেদি ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর