Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিসিবিতে পদত্যাগের ঝড়, একদিনেই সরে দাঁড়ালেন আরও ৪ পরিচালক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১১:৪৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চলমান অস্থিরতার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদে যেন পদত্যাগের ঝড় বইছে। শনিবার দীর্ঘ বোর্ড সভার পর কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে আরও চারজন পরিচালক পদত্যাগ করেছেন।

কাল প্রথম পদত্যাগপত্র জমা দেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সিনিয়র ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু। সভা শেষে চিঠির মাধ্যমে নিজে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি। এরপর একই পথে হাঁটেন শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম। রাত ১০টার দিকে ইমেইলের মাধ্যমে নিজেদের পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগকারী চার পরিচালকের মধ্যে তানিম বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মেহেরব আলম ছিলেন সিকিউরিটি কমিটির দায়িত্বে এবং মঞ্জুরুল আলম দেখভাল করছিলেন মেডিকেল কমিটি। তাদের প্রত্যেকেই পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’-এর কথা উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

পদত্যাগের আগে অনুষ্ঠিত শনিবারের বোর্ড সভায় এই চারজনই উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে বিসিবিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই ঘটনাকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। এর আগে লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল-ও একইভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। তার আগে পদত্যাগ করেন আমজাদ হোসেন।

পদত্যাগের ফলে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ জনে। যেখানে বোর্ডে পরিচালক সংখ্যা ছিল ২৫ জন।

উল্লেখ্য, বিসিবির পরিচালনা পর্যদের গত নির্বাচনের পর থেকেই এই অস্থিরতা চলছে। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছিলেন বড় একটা অংশ। পরে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এই বোর্ডের অধিনে কোনো ক্রিকেট না খেলার সিদ্ধান্তের কথা জানান ঢাকার জনপ্রিয় অনেকগুলো ক্লাব। যাতে দেশের ঘরোয়া ক্রিকেটে চলছে অস্থিরতা। এর মধ্যে বিসিবির পরিচালকদের মধ্যে চলছে পদত্যাগের প্রবনতা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর