Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সংকটের মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৩:৩৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

একদিকে ঘরোয়া ক্রিকেট প্রায় বন্ধ অন্যদিকে বোর্ড পরিচালকদের পদত্যাগের হিড়িক, গত বোর্ড নির্বাচন নিয়ে অস্বচ্ছতার অভিযোগে রীতিমতো তুলকালাম চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এসব নিয়ে গতকাল ম্যারাথক মিটিং করেছে বিসিবির পরিচালনা পর্যদ। কিন্তু মিটিংয়ের পরই নতুন করে আরও চার পরিচালক পদত্যাগ করে পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়েছেন। এদিকে এর মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করার কথা বিসিবি সভাপতির। বোর্ডের বর্তমান কমিটির ভবিষ্যৎ, সর্বশেষ নির্বাচন নিয়ে বিতর্ক এবং স্থবির ঘরোয়া ক্রিকেট—সব মিলিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে অনিশ্চয়তা বিরাজ করছে। ফলে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে ক্রিকেটারদের পাশাপাশি নতুন নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফদের সদস্যরাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অনেকদিন যাবত ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকার কারণে ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টি দিনকে দিন বাড়ছে। ক্রিকেট বন্ধ থাকার কারণে আয়ও বন্ধ, সেটা অনেকের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে দ্রুত মাঠে ক্রিকেট ফেরানোর আবেদন করে আসছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন কোয়াবের পক্ষ থেকে বিসিবি বরাবর চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বোর্ড নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে এই বোর্ডের অধিনে ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার জনপ্রিয় ক্লাবগুলো। যাতে দেশের ঘরোয়া ক্রিকেট প্রায় বন্ধ হয়ে আছে।

এমন অস্থিরতার মধ্যে বিসিবির পরিচালনা পর্যদে পদত্যাগের হিড়িক লেগেছে। এখন পর্যন্ত ৭জন পরিচালক পদত্যাগ করেছেন। গতকাল বোর্ড মিটিং শেষে এক দিনেই পদত্যাগ করেছেন ৪ জন।

এদিকে, বিসিবির গত নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তে গত মাসে কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তদন্ত কমিটির সদস্যরা ইতোমধ্যে বিসিবির বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-ও সেই কমিটির মুখোমুখি হয়েছেন। জানা গেছে, আজ তদন্ত প্রতিবেদন জমা দিবেন তদন্ত কর্মকর্তারা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর