Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন, প্রধান তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৭:১২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ। একই সঙ্গে সাবেক জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠন করা হয়েছে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি জানান, এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস। এই সময়ের মধ্যে বোর্ডের কার্যক্রম স্বাভাবিক করা, প্রশাসনিক জটিলতা দূর করা এবং পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়াই হবে কমিটির মূল দায়িত্ব।

বিজ্ঞাপন

এনএসসি আরও জানিয়েছে, বিসিবির ভেঙে দেওয়া পর্ষদের বিষয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে ই-মেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে।

তামিম ইকবালের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা।

এর আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্যদের নির্বাচন নিয়ে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আসে বলে জানিয়েছে এনএসসি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর