Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা লিগ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৩:৩৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসছে বোর্ড, যেখানে আলোচনার মূল বিষয় থাকবে দলবদল এবং লিগ শুরুর সম্ভাব্য সময়সূচি নির্ধারণ।

দেশের ঘরোয়া ক্রিকেটারদের আয়ের অন্যতম প্রধান উৎস ঢাকা লিগ। এবারের আসর নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় তৈরি হয় অনিশ্চয়তা। বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সদ্য বিলুপ্ত আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ এবং ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে কার্যত স্থবির হয়ে পড়ে ঢাকা লিগ। এতে হতাশা প্রকাশ করেছেন অনেক ক্রিকেটার।

বিজ্ঞাপন

নতুন করে বোর্ড পুনর্গঠনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ইতোমধ্যে ঢাকা লিগ দ্রুত মাঠে ফেরানোর আশ্বাস দিয়েছেন। গতকাল বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই দ্রুত দলবদল ও লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে বোর্ড কার্যালয়ে চা-চক্রের মাধ্যমে শুরু হবে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক। সেখানে অংশ নেওয়া ক্লাবগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই বৈঠক থেকেই লিগ শুরুর দিন-তারিখ নির্ধারণের পথ পরিষ্কার হবে।

গতকাল বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল প্রিমিয়ার লিগ। যা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দ্রুতই প্রত্যেকটা দলের সঙ্গে বসব। উনাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত দলবদলের তারিখ আমরা দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করতে পারি। এটাই আমাদের লক্ষ্য।’

সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘মাঠ নিয়ে একটা শঙ্কা আছে। কিন্তু যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়া করার দরকারও যদি হয় তাও করব। কারণ এখন অনেক প্রাইভেট একাডেমি আছে যেগুলো প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের জন্য যথেষ্ট। যদি প্রয়োজন হয় আমরা সেটাই করব।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর