Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মোস্তাফিজের বদলি হতে গিয়ে দুই বছর নিষিদ্ধ মুজারাবানি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৮:২৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রাজনৈতিক কারণে মোস্তাফিজুর রহমানকে হুট করেই ছেটে ফেলেছিল আইপিএল কর্তৃপক্ষ। পরে মোস্তাফিজুর রহমানের শূন্যস্থান পুরণে জিম্বাবুয়ান পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নেয় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই দলবদল নিয়েও নানান সমালোচনা উঠেছিল। কারণ মুজারাবানি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছিলেন। কিন্তু আইপিএল থেকে ডাক পাওয়ার কারণে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন। এই কর্মকাণ্ডের শাস্তি পেতে হলো মুজারাবানিকে।

টুর্নামেন্টে নাম লিখিয়েও পরে নাম প্রত্যাহার করার কারণে মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পিএসএল। আজ মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

পিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে খেলোয়াড়দের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া হলো যে চুক্তি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সমন্বয় বজায় রাখতে এমন পদক্ষেপ জরুরি বলে মনে করছে পিসিবি।

পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল মুজারাবানির। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে গিয়ে নাম প্রত্যাহার করে নিয়ে নাম লেখান আইপিএলে।

এখন পর্যন্ত কলকাতার হয়ে আইপিএলে দুটি ম্যাচ খেলেছেন মুজারাবানি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে ৩৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পরের ম্যাচে ৪১ রান খরচায় নেন ৪ উইকেট।