Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নিউজিল্যান্ডকে আড়াইশর মধ্যেই আটকে রাখল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৫:১৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নতুন বলে দুর্দান্ত বোলিং করলেন শরিফুল ইসলাম। মিডল ওভারগুলোতে স্পিন ভেলকি দেখিয়েছেন রিশাদ হোসেন। তাসকিন আহমেদ, নাহিদ রানাও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। সব মিলিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশ।

আগে বোলিং করতে নেমে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকে রেখেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন হেনরি নিকোলাস। বাংলাদেশের পক্ষে দুট করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বাংলাদেশি বোলারদের টাইট বোলিংয়ের বিপক্ষে শুরুতে দেখেশুনে এগিয়েছেন কিউইরা। নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

ইনিংসের সপ্তম ওভারে উইকেট এনে দেন পিএসএলে দুর্দান্ত বোলিং করে আসা শরিফুল। তার লেংথ বলে পুল করতে গিয়ে বল স্ট্যাম্পে টেনে আনেন নিক কেলি (৭)। দ্বিতীয় উইকেটে শক্ত একটা জুটি গড়ার চেষ্টা করেছেন হেনরি নিকোলাস আর উইল ইয়ং। দলীয় একশর কাছাকাছি গিয়ে ৩০ রান করা ইয়ংকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন রিশাদ হোসেন।

এরপর অধিনায়ক টম লাথামকে দ্রুতই ফিরয়েছে বাংলাদেশ। দলীয় ১২৭ রানের মাথায় লাথামকে সরাসরি বোল্ড করেন মেহেদি হাসান মিরাজ। খানিক বাদে সবচেয়ে বড় বাঁধা হেনরি নিকোলাসকে ফেরান রিশাদ। রিশাদকে সুইপ খেলতে গিয়ে মাথার ওপর ক্যাচ তুলে দেন নিকোলাস। লিটন দাস সহজেই তা লুফে নিলে ৯ চারে ৮৩ বলে ৬৮ রানে ইনিংসটি সেখানেই থেমে যায়।

দলীয় ১৬৫ রানের মাথায় মুহাম্মদ আব্বাসকে ফিরিয়ে নিউজিল্যান্ডের চাপ বাড়িয়েছেন শরিফুল ইসলাম। দারুণ এক সুইং বলে আব্বাসকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন শরিফুল।

ইনিংসের শেষভাগে বেশ ভালো খেলছিলেন ডিন ফক্সক্রফট। নাহিদ রানা ৪৭তম ওভারে সরাসরি বোল্ড করিয়ে তাকে ফিরিয়েছেন। ফেরার আগে ৫৮ বলে ৮ চারে ৫৯ রান করেন ফক্সক্রফট। শেষ দিকে আর সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড।

৫০ ওভারে ৮ উইকেটে শেষ পর্যন্ত ২৪৭ রানে থেমেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ১০ ওভারে ২৭ রান খরচায়, রিশাদ হোসেন ১০ ওভারে ৪৪ রান খরচায় ও তাসকিন আহমেদ ১০ ওভারে ৫০ রান খরচায় নিয়েছেন দুটি করে উইকেট। একটা করে উইকেট পেয়েছেন নাহিদ রানা, মেহেদি হাসান মিরাজ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর