Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তর পর মুশফিকের সেঞ্চুরি, গল টেস্টের প্রথম দিনে বাংলাদেশের দাপট

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৮:৩১ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৯:৩২

শান্তর পর সেঞ্চুরি করেছেন মুশফিকও

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের শুরুটা ভালো না হলেও দিন শেষে দারুণ অবস্থানে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পর সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। দুই সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৯২ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দুই সেঞ্চুরিয়ান শান্ত-মুশফিক দুজনেই দিন শেষে অপরাজিত।

মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর জুটি বেঁধেছিলেন মুশফিক-শান্ত। দিনের খেলা শেষে শান্ত অপরাজিত ১৩৬ রান করে। অপর দিকে মুশফিকুর রহিম অপরাজিত ১০৫ রানে। গলের পিচ যেমন আচরণ করছে তাতে দুজন কালও অনেক রান তুলতে চাইবেন নিশ্চয়।

মঙ্গলবার (১৭ জুন) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনজুরির কারণে খেলতে না পারা স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের অনুপস্থিতিতে আজ চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

অর্থাৎ একাদশ নির্বাচন দেখেই মনে হচ্ছে বড় স্কোর গড়ার টার্গেট নিয়েই পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ। কিন্তু টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই সেই পরিকল্পনায় বড় ধাক্কা। দলের রান যখন মাত্র ৫ তখন শূন্য রানে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। অপর ওপেনার সাদমান ইসলাম অনিক ১৪ রান করে ফিরেছেন দলীয় ৩৯ রানের মাথায়। খানিক বাদে সাবেক টেস্ট অধিনায়ক যখন ফিরলেন বাংলাদেশের রান তখন সবে ৪৫।

৩৩ বলে ২৯ রান করে ফেরা মুমিনুল দারুণ খেলতে খেলতে স্লিপে ক্যাচ দিয়েছেন। অধিনায়ক শান্তর সঙ্গে মুশফিকুর রহিমের অসাধারণ এক জুটির সূচনা তারপর থেকেই।

লংকান বোলারদের পাত্তাই দেননি দুজন। দুজনেই সাবলীল ব্যাটিং করেছেন। বল পুরনো হওয়ার পর গলে ব্যাটিং করাও সহজ হয়ে পরে। উইকেটে বাড়তি টার্ন পাননি স্পিনাররা। পাটা উইকেটেও টার্ন আদায় করে নেওয়ার মতো স্পিনার শ্রীলংকার স্কোয়াডে নেইও। পেসাররাও সুইং, বাউন্স পাননি সেভাবে।

এমন পিচে ‍ভুল না করে ব্যাটিং করে গেলেই বড় স্কোরের নিশ্চয়তা। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত সেটা করেছেনও। বাড়তি ঝুঁকি নেননি দুজন। নিজেদের সাবলীল ব্যাটিংটা করে গেছেন। তাতে বাংলাদেশও বিপদ থেকে বেরিয়ে দারুণ অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইনআপে এখনো লিটন দাস, জাকের আলি অনিকের মতো ব্যাটার ব্যাটিংয়ে নামার অপেক্ষায় আছেন। অর্থাৎ গলে বড় স্কোর গড়ার ভালো সম্ভবনা তৈরি হয়েছে বাংলাদেশের।

দিন শেষে নাজমুল হোসেন শান্ত ১৩৬ রানে অপরাজিত। এই রান করতে ২৬০ বল খেলে ১৪টি চার ১টি ছক্কা হাঁকিয়েছেন শান্ত। আর মুশফিকুর রহিম ১৮৫ বল খেলে ৫টি চারের সাহায্যে ১০৫ রান করে অপরাজিত।

সারাবাংলা/এসএইচএস