টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এখন পর্যন্ত পাকিস্তানের অর্জন ১ পয়েন্ট। এখন পর্যন্ত দুটি ম্যাচ গেছে সালমান আলী আগার দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেছে। সেই ম্যাচ থেকে মিলেছে ১ পয়েন্ট। অপর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে পাকিস্তান। যাতে টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা কঠিন হয়ে পরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
পাকিস্তানের সমীকরণ আরও কঠিন করে ফেলেছে নিউজিল্যান্ড। গতকাল শ্রীলংকাকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন কিউইরা। এই জয়ে কিউইরা গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পেয়েছে সেই সঙ্গে রানরেটও বেড়েছে।
ইংল্যান্ড পর পর দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইটা এখন পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে। সেভানে কাল শ্রীলংকাকে হারিয়ে লড়াইয়ে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।
এখন পর্যন্ত সুপার এইটে গ্রুপ ‘বি’-র দলগুলো ২টি করে ম্যাচ খেলেছে। যেখানে ইংল্যান্ড ২ ম্যাচের দুটিতেই জিতে তাদের পয়েন্ট ৪। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩ এবং নেট রানরেট ৩.০৫০ এবং তিন নম্বরে থাকা পাকিস্তানের ১ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট -০.৪৬১। শ্রীলংকার দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে বিদায়।
এখন পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে অবশ্যই সেই সঙ্গে প্রত্যাশা করতে হবে নিউজিল্যান্ডের বড় হারের। নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচটা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। কিউইরা সেই ম্যাচে হারলে তাদের পয়েন্ট ৩-ই থাকবে।
অপর দিকে পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে। পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে, হারলেই বিদায়। জিতলে তাদের পয়েন্টও হবে ৩। সেক্ষেত্রে রানরেটের হিসেব আসবে। ফলে নিউজিল্যান্ডকে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হবে অপর দিকে পাকিস্তানকে শ্রীলংকার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে।
আর নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় সেক্ষেত্রে পাকিস্তান শেষ ম্যাচ জিতলেও বিদায় নিতে হবে সেমিফাইনালের আগেই।