অভিষেকের পর গতি দিয়ে তাক লাগিয়ে দিলেও অনেকদিন ধরে জাতীয় দলে অনিয়মিত হয়ে পরেছিলেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে সুযোগ পেলেন। আর সুযোগ পেয়েই নিজের সামর্থের প্রমাণ দিলেন বাংলাদেশের দীর্ঘদেহি পেসার। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে একাই কাঁপিয়েছেন তরুণ পেসার।
নিজের স্পেলের টানা ৭ ওভার বোলিং করে পাঁচ উইকেট তুলে নিয়েছেন নাহিদ। ছয় ওয়ানডের ক্যারিয়ারে এটা তার প্রথম পাঁচ উইকেট পাওয়ার ঘটনা। আগের পাঁচ ওয়ানডে মিলিয়ে উইকেট পেয়েছিলেন পাঁচটি। আজ এক দিনেই পেলেন পাঁচ উইকেট।
নাহিদ রানার পেস তোপে পাকিস্তান রীতিমতো দিশেহারা। ৮২ রানেই নয় উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান।
বুধবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের দিন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেছিলেন, মিরপুরে ট্রু পিচ চান। আজ দেখাও গেল তেমনটা। উইকেট দেখে মনে হচ্ছিল রানের উইকেট।
আগে বোলিং করতে নেমে শুরুটা স্বস্তির ছিল না বাংলাদেশের। পাকিস্তানের তুই ওপেনার প্রথম উইকেট জুটিতে তোলেন ৪১ রান। দশম ওভারে প্রথমবার বোলিং করতে আসেন নাহিদ রানা। সেই থেকেই পাকিস্তানি ব্যাটারদের নাচাচ্ছেন বাংলাদেশের দীর্ঘদেহী পেসার।
নাহিদের গতি আর বাউন্সে রীতিমতো দিশেহারা হয়েছেন পাকিস্তান ব্যাটাররা। নাহিদ রানা একে একে ফিরিয়েছেন শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগাকে।