Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে ২৭৪ রানের টার্গেট দিল পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৮:৫৯ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৯:০০

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বেশ শক্ত স্কোর গড়ল সফরকারীরা। শুরুতে ব্যাটে ঝড় তুলেছিলেন তরুণ ওপেনার মাজ সাদাকাত। পরে মিডল ওভারে ভালো ব্যাটিং করেছেন সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান। সব মিলিয়ে ২৭৪ রানের স্কোর গড়েছে পাকিস্তান।

শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত ম্যাচের মতো আজও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচে আগে বোলিং নিয়ে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে আজ শুরু থেকেই বেশ ভালো ব্যাটিং করছেন পাকিস্তান।

বিজ্ঞাপন

বিশেষ করে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা মাজ সাদাকাত খেলছেন দারুণ ক্রিকেট। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তরুণ ওপেনার। ১৩তম ওভারে পাকিস্তানের ওপেনিং ‍জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। মিরাজকে স্কুপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সাদাকাত। ফেরার আগে মাত্র ৪৬ বলে ৬টি চার ৫টি ছক্কায় করেন ৭৫ রান।

খানিক বাদে জোড়া উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দলীয় ১২১ রানের মাথায় শাহিবজাদা ফারহানকে ফেরান তাসকিন আহমেদ। ৪৬ বলে ৩১ রান করে ফেরেন পাকিস্তানি ওপেনার। পরের ওভারে শামিল হোসেনকে ফেরান নাহিদ রানা। তবে তারপর দুই অভিজ্ঞ ব্যাটার সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানকে টেনেছেন দারুণভাবে।

চতুর্থ উইকেট জুটিতে ১১৫ বল খেলে ১০৫ রান তোলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার। ৬২ বলে ৭টি চার ২টি ছয়ে ৬৪ রান করা সালমান আলি আগা রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। মেহেদি হাসান মিরাজের করা সেই ওভারেই ক্যাচ আউট হন রিজওয়ান। ফেরার আগে ৫৯ বল খেলে ৫টি চারের সাহায্যে ৪৪ রান করেন উইকেটরক্ষক ব্যাটার।

দুই সেট ব্যাটার পর পর ফিরলে পরে আর সুবিধা করতে পারেনি পাকিস্তান। রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজদের স্পিনের সামনে পাকিস্তানের লোয়ার অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি।

৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। বাংলাদেশের সেরা বোলার লেগস্পিনার রিশাদ হোসেন। ৯.৩ ওভার বোলিং করে ৫৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ১০ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো