এশিয়া কাপ আর্চারিতে দারুণ সাফল্যের পথে এগোচ্ছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই আসরে কম্পাউন্ড পুরুষ দল ফাইনালে উঠে অন্তত রুপা পদক নিশ্চিত করেছে বাংলাদেশ।
সেমিফাইনালে ভুটানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৩২-২২৮ পয়েন্টের ব্যবধানে জয় পায় লাল-সবুজের দল। হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের সমন্বয়ে গড়া দলটি শেষ পর্যন্ত দৃঢ়তা দেখিয়ে জয় নিশ্চিত করে। এর আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল তারা।
এই জয়ের ফলে ফাইনালে উঠে সোনার পদকের লড়াইয়ে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে ফল যাই হোক না কেন, অন্তত রুপা পদক এখন নিশ্চিত।
এর আগে ২০২১ সালে চীনের গুয়াংজু-তে অনুষ্ঠিত এশিয়া কাপের একটি ধাপেও রুপা জিতেছিল বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। সেবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সোনা হাতছাড়া হয়েছিল।
অন্যদিকে, নারী কম্পাউন্ড দল অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি। বন্যা আক্তার, ঝুমা আক্তার ও কুলসুম আক্তারদের দল থাইল্যান্ডের কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হেরে যায়। থাইল্যান্ড ২৩৩০ স্কোর করলেও বাংলাদেশ করে ২২৯, ফলে পদকের লড়াই থেকে ছিটকে পড়ে তারা।
এদিকে, রিকার্ভ পুরুষ দলও ভালো পারফরম্যান্স দেখালেও শেষ আটেই থেমে গেছে। আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহার দল শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাজাখস্তানের কাছে ৬-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।