খেলাধুলাকে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের এবং সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলাকে পেশা হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন মির্জা ফখরুল।
মঙ্গলবার (৩১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদদের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে নিজের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খেলাটাকে গ্রামের মধ্যে, গ্রামের মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন তারেক রহমান। শুধু তাই নয়, যারা খেলোয়াড় তারা যেন পেশাজীবি হয়ে ওঠে সেটাও প্রধানমন্ত্রী মাথায় নিয়েছেন এবং সেভাবে তিনি কাজ শুরু করেছেন।’
খেলাধুলাকে রাজনীতির বাহিরে রাখার প্রধানমন্ত্রীর বার্তাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা সবসময় মনে করেছি, খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয়। প্রধানমন্ত্রী সেই কথাটিই বলেছেন। রাজনীতির কারণে কোনো মেধাবী খেলোয়াড় দল থেকে বা জাতীয় দল থেকে বাদ পড়লে সেটি সবচেয়ে কষ্টের বিষয়। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। ক্রীড়ামন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তরুণ ক্রীড়ামন্ত্রী, যিনি নিজেও একজন দক্ষ ও বরেণ্য ফুটবলার ছিলেন এবং দেশকে প্রতিনিধিত্ব করেছেন– তাকে অনুরোধ করব, তিনি যেন এই বিষয়টির দিকে লক্ষ্য রাখেন। যদি আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে পারি, তাহলে অবশ্যই সফল হব।’