Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটমূল্য ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১১:৫৮

আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে টিকিটমূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে এই সিরিজের ম্যাচ দেখার সুযোগ পাবেন দর্শকরা। সিরিজে সর্বোচ্চ টিকিটমূল্য ২৫০০ টাকা।

এপ্রিলের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। বিসিবি জানিয়েছে, টিকিট বিক্রি শুরু হবে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিকিটের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা (গ্র্যান্ড স্ট্যান্ড)। এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জের টিকিট ১৫০০ টাকা, ক্লাব হাউজ ৬০০ টাকা, সাধারণ গ্যালারি ৪০০ টাকা এবং সর্বনিম্ন ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ প্যাভিলিয়নের টিকিট ২৫০০ টাকা রাখা হয়েছে। এছাড়া শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা।

১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচগুলো দুপুর ৩টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে। মিরপুরে প্রথম দুটি ওয়ানডে (১৭ ও ২০ এপ্রিল) এবং তৃতীয়টি চট্টগ্রামে (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আগের সূচি অনুযায়ী ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও সময় এগিয়ে এনে বিকেল ৩টা করা হয়েছে। প্রথম দুই ম্যাচ (২৭ ও ২৯ এপ্রিল) হবে চট্টগ্রামে এবং শেষ ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর