Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতি ম্যাচে সাইফের সেঞ্চুরি, তাসকিনের ৪ উইকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ২১:২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেললেন বাংলাদেশি ক্রিকেটাররা। ম্যাচে জাতীয় দলের ক্রিকেটাররা ‘এ’ দলের হয়ে খেলেছেন আর জাতীয় দলের বাহিরে থাকা ক্রিকেটাররা খেলেছেন ‘বি’ দলের হয়ে। জাতীয় দলের ক্রিকেটারদের ‘এ’ দল বড় ব্যবধানে হারিয়েছে ‘বি’ দলকে।

ওপেনিংয়ে নেমে দুর্দান্ত একটা অপরাজিত সেঞ্চুরি করেছেন সাইফ হাসান। পরে বল হাতে দাপট দেখিয়েছেন পেসার তাসকিন আহমেদ। আগে ব্যাটিং করে ২৯২ রান তুলেছিল ‘এ’ দল। সাইফ হাসান করেন ১৩৩ রান। পরে ‘বি’ দল গুটিয়ে গেছে ১৬৪ রানে।

সোমবার (১৩ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করা ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। শুরুতে তানজিদ হাসান তামিম (৭), নাজমুল হোসেন শান্ত (১২) এবং লিটন কুমার দাস (৯) দ্রুত ফিরলেও বিপদে পরে দলটি। তবে ওপেনিংয়ে নামা সাইফ হাসান অবিচল ছিলেন একপ্রান্তে। মিডল অর্ডারে সাইফকে ভালো সঙ্গ দেন তাওহীদ হৃদয় (২৫) ও আফিফ হোসেন ধ্রুব (৩৪)। শেষ দিকে ব্যাটে ঝড় তুলে ‘এ’ দলের সংগ্রহকে অনেকদূর নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব।

বিজ্ঞাপন

৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯২ রানে থেমেছে বাংলাদেশ। সাইফ হাসান ১৩৮ বল খেলে ৬টি চার ৮টি ছক্কায় ১৩৩ রানে অপরাজিত থাকেন। তানজিম সাকিব মাত্র ১৩ বলে ২৭ ও মেহেদি হাসান মিরাজ ১২ বলে ২০ রান করেন।

পরে ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে টিম ‘বি’। ওপেনার সৌম্য সরকার একপ্রান্তে আগলে রেখেছিলেন। তবে অন্যপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পরেছে। সৌম্য ৮৫ বলে ৫৫ রান করলেও অন্য প্রান্তে খুব একটা সুবিধা করতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন শামীম হোসেন পাটোয়ারী।

৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় টিম ‘বি’। ‘এ’ টিমের হয়ে ৬ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর