আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়কার তারকা পেসার রুবেল হোসেন। প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকা রুবেল আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন রুবেল।
রুবেল লিখেছেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে রুবেল লিখেছেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’
বিদায়বেলায় পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মীদের স্মরণ করেছেন রুবেল। লিখেছেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’
রুবেল সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০২১ সালের এপ্রিলে। ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত হতে দেখা গেছে রুবেলকে। রুবেলের টেস্ট পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ২৭ টেস্টে নিয়েছেন ৩৬ উইকেট। তবে রঙিন পোশাকের ক্রিকেটে ছিলেন উজ্জ্বল।
ওয়ানডেতে ১০৪ ম্যাচে নিয়েছেন ১২৯ উইকেট। একটা সময় জাতীয় দলে পেস ডিপার্টমেন্টের অন্যতম সেরা ভরসা ছিলেন তিনি। ২৬ রানে ৬ উইকেট তার ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং। টি-টোয়েন্টি সংস্করণে ২৮ ম্যাচে ২৮ উইকেট পেয়েছেন রুবেল।