Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেভেল থ্রি কোচিং কোর্সে উত্তীর্ণদের সনদ প্রদান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২২:২৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০১:২৮

বাংলাদেশ ক্রিকেটের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ এক ধাপ সম্পন্ন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের অধীনে আয়োজিত লেভেল থ্রি কোচিং কোর্সে অংশ নেওয়া সব কোচই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সনদ বিতরণ করেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এই কোর্সে দেশের ৩০ জন কোচ অংশগ্রহণ করেছিলেন। বোর্ড সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

জানা গেছে, ফলাফলে সেরা হয়েছেন আব্দুর রাজ্জাক। দ্বিতীয় স্থান অর্জন করেছেন হান্নান সরকার। আর যৌথভাবে তৃতীয় হয়েছেন শাহরিয়ার নাফিস ও ডলার মাহমুদ।

বিজ্ঞাপন

এই কোর্সে অংশ নেওয়া কোচদের তালিকায় ছিলেন দেশের অভিজ্ঞ ও সাবেক জাতীয় ক্রিকেটাররা। তাদের মধ্যে উল্লেখযোগ্য তালহা জুবায়ের, রাজিন সালেহ, রবিউল ইসলাম, তুষার ইমরান, জাভেদ ওমর, আলমগীর কবির, নাজমুল হোসেন, ফাতেমা জোহরা, জাহাঙ্গীর আলম ও মন্টু দত্তসহ আরও অনেকে।

দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশে এই লেভেল থ্রি কোচিং কোর্স আয়োজন করা হয়। সর্বশেষ ২০০৯ সালে এ ধরনের কোর্স অনুষ্ঠিত হয়েছিল, তবে সেটি ছিল আইসিসি ও এসিসির উদ্যোগে।