Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৬:৩৯ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৪৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, জুনে রঙিন পোশাকের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে সেটা নিশ্চিত করা হলো। তবে বিসিবির ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া।

সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এ নিয়ে প্রায় ১৫ বছর পর ওয়ানডে খেলতে আসছে অস্ট্রেলিয়া।

এর আগে দুই দফায় ২০০৬ ও ২০১১ সালে বাংলাদেশ সফরে ওয়ানডে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। দুই সিরিজের ছয় ম্যাচের সবকটিতেই জিতেছিল অজিরা। ২০২১ সালে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজটা বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে।

বিজ্ঞাপন

সংশোধিত সূচিতে এবারের সবকটি ওয়ানডে ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৯ জুন। সিরিজের পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। এরপর চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সফরের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, এই দুই সিরিজের আগে ব্রিজবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অজি ক্রিকেটারদের নিয়ে একটি ক্যাম্প হবে।

সারাবাংলা/এসএইচএস