Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ০২:২১ | আপডেট: ১ মে ২০২৬ ০২:২১

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতেও হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেরে তিন ম্যাচের সিরিজ খুইয়ে ফেলল বাংলাদেশ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ২১ রানের জয় পেয়েছে শ্রীলংকা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রানেই থেমে যায় নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।

এর আগে প্রথম ম্যাচেও ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২৫ রানে হেরেছিল স্বাগতিকরা। ফলে দুই ম্যাচেই হেরে সিরিজ নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধীরগতির ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ। শারমিন আক্তার ৪৭ বলে অপরাজিত ৪৪ রান করে ইনিংস ধরে রাখার চেষ্টা করেন। জুরাইয়া ফেরদৌস ২৩ বলে ২৯ এবং দিলারা আক্তার ২৩ বলে ২৩ রান যোগ করলেও প্রয়োজনীয় রানরেটের সঙ্গে তাল মেলাতে পারেননি কেউই।

বিজ্ঞাপন

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩৩ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন কভিশা দিলহারি, ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংসের ভিত গড়ে দেন হারশিথা সামারাবিক্রমা। তার ২৯ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। অধিনায়ক চামারি আত্তাপাত্তু ৩৭ বলে ৪২ রান করেন। এছাড়া ইমেশা দুলানি ২৭ এবং নিলাকশিকা সিলভা অপরাজিত ২২ রান করে দলের সংগ্রহকে ১৫০ পেরিয়ে দেন।

বাংলাদেশের হয়ে বল হাতে একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার এবং রিতু মনি।